***
সিংহাসন দখল করাটা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। কিন্তু তা টিকিয়ে রাখাটা
আরও কঠিন। এই বাক্য দুটির সত্যতা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ইতিহাস ঘাটলে এ
সম্পর্কে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যাবে বৈকি। ১৯৩৩ সালে, হিটলার যখন
জার্মানির সিংহাসনে আসীন হন, তিনি ভালো করে জানতেন, এই সিংহাসনটি আঁকড়ে ধরে
রাখাটা হবে একটি দুঃসাধ্য কাজ। তবে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে তার
পরিষ্কার ধারণা ছিল। হিটলার এবং তাকে ঘিরে থাকা তার অত্যন্ত মেধাবী কিন্তু
দুর্জন অমাত্যগণেরা ভালো করেই জানতেন কি করে এই পরম আরাধ্য ক্ষমতাকে এবং
সেই সাথে নাৎসি আদর্শবাদকে টিকিয়ে রাখতে হয়।
পোস্টের এই পর্যায়ে এসে পাঠকদের কাছে একটি প্রশ্ন করতে চাই। তা হল,
আপনাকে যদি হিটলারের মত, একটি রাষ্ট্রের একনায়ক বানানো হয়, তবে আপনি কি করে
আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখবেন? অনেকে বলবেন যে জনগণের মন জয় করার মাধ্যমে
ক্ষমতা নিঃসন্দেহে টিকিয়ে রাখা যাবে। কিন্তু, আপনার মনে যদি আগে থেকে কোনো
ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে থাকে, এবং আপনি যদি আপনার রাষ্ট্রের জনগণকে
পরিকল্পনা বাস্তবায়নের জন্যে কাজ এ লাগাতে চান, তখন আপনি কি করবেন?